সৈয়দপুরে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশ:

তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) নিয়ামতপুর সরকারপাড়ার ‘নব দিগন্ত সংঘ ক্লাব’-এর তরুণ ও খুদে খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতিহা তাকমিলা এবং উপজেলা প্রকৌশলী এম. এম. আলী রেজা রাজু উপস্থিত থেকে ক্লাবের খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে নব দিগন্ত সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল সরকারসহ ক্লাবের অন্যান্য সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএনও ফারাহ ফাতিহা তাকমিলা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের একটি কার্যকর উপায়। তিনি খুদে খেলোয়াড়দের উদ্দেশ্যে আরও বলেন, নিয়মিত খেলাধুলা শরীর ও মন ভালো রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ বাড়ায়। এছাড়া খেলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়, যা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

উপজেলা প্রকৌশলী এম. এম. আলী রেজা রাজু বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী হওয়া সময়ের দাবি। তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাবের আবেদনের ভিত্তিতে এই বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে। একই সঙ্গে শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়েও শিশু-কিশোরদের জন্য খেলাধুলার পরিবেশ বিস্তৃত করতে পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।

শেয়ার করুন