১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নামে যাত্রা শুরু করল বিশেষায়িত বাহিনী এসআরবি

প্রকাশ:

নানামুখী আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে র‍্যাব বিলুপ্ত করে নতুন নামে যাত্রা শুরু করল বাহিনীটি। এখন থেকে এটি ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে পরিচিত হবে। বুধবার থেকেই বাহিনীটি তাদের নতুন নামে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআরবি নামে গেজেট প্রকাশিত হয়েছে এবং আজ থেকেই তারা র‍্যাবের পরিবর্তে এসআরবি নামে সব ধরনের কার্যক্রম পরিচালনা করছেন।

নতুন এই যাত্রা শুরুর দিনে সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে যে লোগো ব্যবহার করা হয়েছে, সেখানে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা রয়েছে। তবে লোগোর মূল নকশাটি অপরিবর্তিত রাখা হয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও এই নতুন লোগো ব্যবহার করতে দেখা গেছে।

এর আগে বিরোধী দলের আপত্তির মুখে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট হিসেবে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি গঠনের বিল পাস হয়। গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। এর ঠিক পরদিন বুধবারই নতুন নামে মাঠে নামল বাহিনীটি।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২৬ মার্চ র‍্যাব গঠিত হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার পাশাপাশি বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাহিনীটি বিলুপ্তির দাবি ওঠে। বিশেষ করে ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও এর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ২০২৪ সালের ১০ জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটিও র‍্যাব বিলুপ্তির দাবি জানিয়েছিল। তবে বর্তমান সরকার বাহিনীটিকে বিলুপ্ত না করে এর কাঠামো ও কর্মপরিধি পুনর্বিন্যস্ত করে এসআরবি নামে বহাল রাখল।

শেয়ার করুন