অল্প জমিতে অধিক ফসল উৎপাদনের লক্ষ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতিতে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে মাচা তৈরি করে তার ওপরের অংশে শিম এবং নিচে আদা চাষ করছেন কৃষকরা। এই উদ্ভাবনী কৌশল স্থানীয় চাষিদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
এ পদ্ধতিতে বাবুল হোসেন ১৬ শতক, লাল মিয়া ১৩ শতক এবং দেলওয়ার হোসেন ২০ শতক জমিতে শিম ও আদা চাষ করেছেন। কৃষক দেলওয়ার হোসেনের মেয়ে দিলুফা ইয়াসমিন জানান, একই জমিতে দুই ধরনের ফসল চাষ করে তাঁরা বেশ লাভবান হচ্ছেন। কারণ শিমের মৌসুম শেষ হলেও জমিতে আদা অক্ষত থাকায় একটি ফসল ওঠার পর অন্যটি থেকে বাড়তি আয় পাওয়া সম্ভব হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম বলেন, দিন দিন আবাদযোগ্য কৃষিজমির পরিমাণ কমে যাওয়ায় একই জমিতে একাধিক ফসল উৎপাদনের কৌশল হিসেবে ভার্টিক্যাল ও ক্রমিক পদ্ধতি প্রয়োগে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে উপজেলায় প্রায় ২ হেক্টর জমিতে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে আদা ও ওপরে শিম, শিমের সঙ্গে করলা এবং বরবটির সঙ্গে শিম চাষ হচ্ছে। এছাড়া ৮ হেক্টর জমিতে ক্রমিক পদ্ধতিতে আলুর সঙ্গে মিষ্টিকুমড়া ও ভুট্টার সঙ্গে ঝিঙা চাষ করা হচ্ছে।
কৃষি বিভাগ থেকে এসব নতুন পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। পরিকল্পিতভাবে একই জমিতে একাধিক ফসল উৎপাদন করতে পারলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের উৎপাদন ও সামগ্রিক আয় বাড়ানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম।





