৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে বড় নাশকতার শঙ্কা

প্রকাশ:

বিভিন্ন দাবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। ইতোমধ্যে দেশের অন্তত ২১টি জেলায় দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। হাই কমান্ডের নির্দেশে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুকে সামনে রেখে এই তৎপরতা চালানো হচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা এক অডিও ক্লিপে নেতাদের সরাসরি অগ্নিসংযোগের নির্দেশনা দিতেও শোনা গেছে। গোয়েন্দা সূত্রের ধারণা লকডাউন ঘিরে বড় নাশকতার ছক কষেছে দলটি। সূত্রমতে, বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা পলাতক শেখ হাসিনা দেশে ফেরা ইস্যুতে ব্যাপক নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে তৎপরতা চালিয়ে আসছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে।

গোয়েন্দা সূত্রমতে, দেশের ভেতরে অস্থিরতা তৈরিতে প্রবাসে থাকা নেতাকর্মীদের বড় একটি অংশ সক্রিয় ভূমিকা রাখছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে নিয়মিত যোগাযোগ ও বৈঠক করছেন। এদের অনেকে সম্প্রতি ভারতের কলকাতায় জড়ো হয়েছেন এবং সেখান থেকে ডিসেম্বরের নাশকতার ছক কষছেন। চলতি মাসে কলকাতা থেকে বেশ কিছু নেতাকর্মী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলেও অভিযোগ রয়েছে। গোপালগঞ্জসহ যেসব এলাকায় নাশকতা হয়েছে, তা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়েছে বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। এখন পর্যন্ত গোপালগঞ্জসহ যেসব স্থানে নাশকতা হয়েছে সেগুলো দলীয় সিদ্ধান্তে হয়েছে। নিয়মিত বৈঠক করে মাঠ পর্যায়ে নানা দিক-নির্দেশনা দিচ্ছেন।

নাশকতার পরিকল্পনা এবার সীমান্তবর্তী জেলাগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিতে কুয়াশার সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, রাজনৈতিক কার্যালয়, বাড়িঘর এবং যানবাহনে হামলা ও ভাঙচুরের ছক কষা হয়েছে। এরই অংশ হিসেবে চোরাই পথে অস্ত্র ও বিস্ফোরক দেশে ঢুকছে। গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার নুনছড়া চা-বাগান এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮টি হাই পাওয়ার জেল, ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ১১টি ফিউজ উদ্ধার করেছে, যা বড় কোনো হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়।

যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদরদপ্তর থেকে সারা দেশের পুলিশ সুপারদের (এসপি) সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে নাশকতার ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১টা ৩ মিনিটে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্টিলের ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তুরাগ থানার তথ্যানুযায়ী, মাস্ক পরিহিত দুই ব্যক্তি এ ঘটনা ঘটায়। ফটকটি স্টিলের হওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার কথা বলা হয়েছে। ফটকটি স্টিলের হওয়ায় আগুন ছড়াতে পারেনি, কিছুক্ষণের মধ্যে নিজে থেকেই নিভে যায়।

শেয়ার করুন