৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল: স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশ:

রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে দেশের সামরিক বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক ভূমিকা পালন করেছে। শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এই আয়োজনে তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই, কারণ মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্যই ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

বিগত ১৫ বছরের শাসনকালকে ‘দুঃশাসনের ইতিহাস’ হিসেবে আখ্যায়িত করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সেই দুঃসময়ে ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। শহীদ আবু সাঈদের মতো তরুণেরা উদ্যত অস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। দেশমাতৃকার সেবায় নিয়োজিত থাকা বড় গৌরবের এবং প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গ করতেও কখনো পিছুপা হননি বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন দেশের পাঁচটি ভিন্ন ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল। স্বাধীনতার পরপরই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের জীবন রক্ষার্থে তৎকালীন সময়ে মানুষ প্রশিক্ষণ ছাড়াই অস্ত্র হাতে তুলে নিয়েছিল। বাংলার মানুষের এই সাহসিকতা পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় অতুলনীয়।

নিজের সামরিক জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন সম্মানের, তেমনি রাওয়ার সদস্য হওয়াও গৌরবের। রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে তিনি স্মৃতি হাতড়ে বলেন, সামরিক বাহিনীতে কাটানো তার জীবনের আটটি বছর ছিল সেরা সময়। এ সময় তিনি সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের সম্মুখসমরের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং যুদ্ধের ময়দানে কর্নেল মোদাচ্ছির আলী খানের অসীম সাহসিকতার প্রশংসা করেন। অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা, বিভিন্ন অঞ্চল থেকে আগত ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনাসদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন