তুরস্কের আনতালিয়ায় চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির সাথে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে প্রতিশ্রুত অর্থ পৌঁছানো এবং সেই তহবিলের ব্যবহারে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছে।
সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেন, এর আগে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে পাওয়া অর্থের সঠিক ব্যবহার ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। ভবিষ্যতে বরাদ্দের অর্থ যাতে প্রকৃত ভুক্তভোগীদের কাজে লাগে এবং অনিয়মমুক্ত থাকে, তা নিশ্চিত করতে নিয়মিত ট্র্যাকিং রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে।
মাহবুবুল আলম সালেহী জানান, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগের প্রতিশ্রুতি অনুযায়ী মোট জলবায়ু অর্থায়নের ৯ শতাংশেরও কম পেয়েছে বাংলাদেশ, যার বড় অংশই এসেছে ঋণ হিসেবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে ঋণের পরিবর্তে যেন অনুদানভিত্তিক অর্থায়নের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও বাংলাদেশকে বরাদ্দ দেওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলারের সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি জানান তিনি। অথচ এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের ওপর।
পরিবেশ রক্ষায় জামায়াতের নিজস্ব পরিকল্পনার কথা তুলে ধরে ব্যারিস্টার সালেহী ‘থ্রি জিরো ভিশন’ বা জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়, বরং এটি জাতীয় ও বৈশ্বিক সংকট। তাই জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে জামায়াত কাজ করে যাচ্ছে এবং সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা প্যাভিলিয়নের ভেতরে সম্মেলন করতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। তিনি জানান, শনিবার দুপুর দেড়টায় প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের জন্য পূর্বনির্ধারিত সময় নেওয়া হয়েছিল। পরিবেশ প্রতিমন্ত্রী এবং প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সাথে আলোচনা করেই সব চূড়ান্ত হয়েছিল। কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োগকৃত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ শেষ মুহূর্তে সহযোগিতা না করায় বাইরে সংবাদ সম্মেলন করতে বাধ্য হতে হয়।
তিনি বিষয়টিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে বলেন, সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় কাজ করবে—এমন উদ্দেশ্য নিয়েই জামায়াতের প্রতিনিধি দল কপ-৩১-এ যোগ দিয়েছে। তবে সরকারের প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়া দুর্ভাগ্যজনক। সংবাদ সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসানও উপস্থিত ছিলেন। তিনি জানান, কপ-৩১-এর বিভিন্ন সাইড ইভেন্টেও জামায়াতের পক্ষ থেকে এ ভিশন তুলে ধরা হয়েছে।





