২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে সোনা ও স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ

প্রকাশ:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন পাচারের ঘটনা বেড়েছে। শুল্ক-কর ফাঁকির এই প্রবণতা রোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) কঠোর নজরদারি ও অভিযান জোরদার করেছে। তারই অংশ হিসেবে গত বৃহস্পতিবার সংস্থাটি পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪৭১ গ্রাম স্বর্ণের বার ও ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাস্টমস গোয়েন্দা ও এনবিআর সূত্রে জানা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৮ ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় আসা যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ তল্লাশি করা হয়। সেখান থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বার, কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ পাওয়া যায়, যার মোট মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা। একই ফ্লাইটে আসা অন্য যাত্রীদের ব্যাগেজ থেকেও একই ধরনের পণ্য উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটে আসা যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার, ৩৬ কেজি সাবান, ৬ কেজি ৩৭৫ গ্রাম কসমেটিকস এবং স্যামসাং, অনার ও রিয়ালমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন পাওয়া গেছে। পাসপোর্টে এন্ট্রি ও প্রযোজ্য কর পরিশোধের শর্তে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে বাকি পণ্য আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

একই ফ্লাইটের আরেক যাত্রী উম্মা হানির কাছে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ কেজি ৪৮০ গ্রাম সাবান পাওয়া যায়। এখানেও ব্যাগেজ সুবিধার আওতায় ১০০ গ্রাম স্বর্ণের বার তাকে ফিরিয়ে দিয়ে বাকি স্বর্ণ ও অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। এ সব পণ্যের মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ছোট চালানে পণ্য আনার এই পদ্ধতি রাজস্ব ফাঁকির নতুন কৌশল হিসেবে দেখা দিয়েছে। প্রতিটি চালানের পরিমাণ ছোট হলেও সম্মিলিতভাবে এসব ঘটনা দেশের রাজস্ব খাতের জন্য বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন