যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে অবস্থিত স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগের বরাতে বিবিসি জানিয়েছে, এই ঘটনায় দুজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং আরও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সিয়াটল পুলিশ এই গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, সেখানে একাধিক বন্দুকধারী অবস্থান করছিল। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু রয়েছে, যাকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে। অপর একজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। ফায়ার সার্ভিস বিভাগ আহতদের আঘাতের ধরন সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিয়াটল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য যে, ঘটনার সময় দ্য সিয়াটল সেন্টারে একটি খাবারের উৎসব চলছিল। সপ্তাহান্তের এই উৎসবের নাম দেওয়া হয়েছিল ‘বাইট অফ সিয়াটল’। এই আয়োজনে শত শত খাবার বিক্রেতা অংশ নিয়েছিলেন এবং সেখানে গানবাজনারও আয়োজন ছিল।





