২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

প্রকাশ:

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো ধরনের হুমকি কিংবা আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম থামানো সম্ভব নয়। সব ধরনের বাধা উপেক্ষা করে দেশটি তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখবে।

ইরানের জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় আইআরজিসি প্রধান এই মন্তব্য করেন। দেশটির বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। বার্তায় তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে খ্যাত শহীদ হাসান তেহরানি মুকাদ্দামের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে ওয়াহিদি বলেন, বর্তমান সময়েও আপনারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভে অত্যন্ত নিপুণভাবে দেশের সামরিক শক্তি গড়ে তুলছেন। তিনি আরও বলেন, শত্রুদের এটি বুঝতে হবে যে, শহীদ মুকাদ্দামের দেখানো পথে রক্ত ও বিশ্বাসের শক্তিতে ইরান এগিয়ে চলেছে, যা কোনো নিষেধাজ্ঞার চাপে নতি স্বীকার করবে না।

এ সময় তিনি আইআরজিসির সাবেক দুই কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির ভূমিকার কথাও উল্লেখ করেন। বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার প্রক্রিয়া কোনো অবস্থাতেই থেমে থাকবে না। আন্তর্জাতিক মহলে দেশটির সামরিক কর্মসূচি নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যেই এই জোরালো বার্তা দিলেন তিনি।

শেয়ার করুন