মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ওপর আস্থার সংকট এবং ইরানের সঙ্গে উত্তেজনার জেরে কুয়েতে একটি নতুন যৌথ অগ্রবর্তী সামরিক কমান্ড কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। দ্য মিডেল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক সক্ষমতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, নতুন এই কেন্দ্রে উপযুক্ত বাহিনী মোতায়েন করা হবে। তবে তিনি এর কৌশলগত কার্যপদ্ধতি বা বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য দেননি। জিসিসির যৌথ সামরিক কমান্ড কাঠামোর অভাব পূরণের চেষ্টা হিসেবে এ পদক্ষেপকে দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্র নিজের ঘাঁটি রক্ষা করতে পারেনি, সেখানে জিসিসি কীভাবে একটি কমান্ড কেন্দ্র রক্ষা করবে, তা স্পষ্ট নয়।
ছয়টি উপসাগরীয় দেশের এই জোট ২০০০ সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল, যার মূল ভিত্তি ছিল ‘একজনের ওপর হামলা সবার ওপর হামলা’ নীতি। তবে বাস্তবক্ষেত্রে ন্যাটো জোটের মতো এই নিরাপত্তা প্রতিশ্রুতি এতটা শক্তিশালী নয়। এর আগে বিভিন্ন সংকটে জিসিসি কার্যকর সাড়া দিতে ব্যর্থ হয়েছে। উদাহরণস্বরূপ, ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলা কিংবা সৌদি আরবে হুথিদের ধ্বংসাত্মক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় জোটটি তেমন কোনো জোরালো ভূমিকা রাখতে পারেনি। ইরান ও ইরাকি মিলিশিয়াদের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে থাকা কুয়েতে নতুন এই কেন্দ্র স্থাপনের কার্যকারিতা নিয়েও তাই এখন প্রশ্ন উঠছে। বিভিন্ন ফ্রন্ট থেকে সদস্যদের ওপর হামলায় সংগঠনটি সাড়া দিতে ব্যর্থ হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন। যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল, যা এই অঞ্চলের যেকোনো দেশের তুলনায় বেশি। দেশটিতে অবস্থিত ক্যাম্প আরিফজান এবং আলী আল-সালেম বিমান ঘাঁটি ইরান ও সংশ্লিষ্ট মিলিশিয়াদের হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। মার্কিন বাহিনী নিজস্ব ঘাঁটিগুলোই সুরক্ষিত রাখতে ব্যর্থ হওয়ায় জিসিসির কমান্ড কেন্দ্রটি কতটা নিরাপদ থাকবে, তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।
বর্তমানে উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য বাইরের বিভিন্ন অংশীদারদের দিকে ঝুঁকছে। সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মক্কা চুক্তি সক্রিয় করেছে, আবার সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করেছে। এদিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধে ওয়াশিংটনের ভূমিকা উপসাগরীয় দেশগুলোকে সংকটে ফেলেছে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইরানে সরাসরি হামলা না চালানোর অনুরোধ করলেও যুক্তরাষ্ট্র তাতে কর্ণপাত করেনি। এর ফলে ইরান এসব দেশে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। অনেক বিশ্লেষক মনে করেন, নিজ ভূখণ্ডে মার্কিন সেনার উপস্থিতির কারণেই উপসাগরীয় দেশগুলো এখন যুদ্ধের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।





