নাটোরের মহাসড়কে বাস-ভটভটি সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী নিহত

প্রকাশ:

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী বাস ও গরু বহনকারী ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে নাটোরের বড়াইগ্রাম থেকে চান্দাইকোনা গরুর হাটগামী একটি ভটভটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় ভটভটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্তত আরও তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ করছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন