দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে যুক্ত হলেন প্রতিষ্ঠাতা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমানের নাতি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন। তিনি গ্রুপটির পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি পিএইচপি ফ্যামিলির প্রথম সদস্য হিসেবে তৃতীয় প্রজন্মের প্রতিনিধিত্ব শুরু করলেন।
শিক্ষাজীবনে ভিক্টর মহসিন লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে সাইকোলজি ও মার্কেটিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি পিএইচপি ফ্যামিলিতে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে হাতে-কলমে কাজ করার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা হয়েছে।
ভিক্টর মহসিন নিজস্ব ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণে সৃজনশীল উদ্যোগের জন্য পরিচিত। বাজারের পরিবর্তন এবং গ্রাহকদের চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা পেতে তিনি নিয়মিত তৃণমূল পর্যায়ের বাজার পরিদর্শন করেন। বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও কার্যকর করার ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন।
উল্লেখ্য, পিএইচপি গ্লাসের পাশাপাশি তিনি পিপলস ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক এবং অক্সিজেন স্পোর্টস জোনের ব্যবস্থাপনা অংশীদার হিসেবেও কাজ করছেন। খেলাধুলা ও বিনোদন খাতে তাঁর বিশেষ আগ্রহ রয়েছে, যার মাধ্যমে তিনি চট্টগ্রাম নগরীতে আধুনিক ক্রীড়া সুবিধা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছেন। তাঁর এই নতুন পদোন্নতিকে পিএইচপি ফ্যামিলির ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।





