গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লহকে বদলির রেশ কাটতে না কাটতেই এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সোমবার ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল কার্যকর করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।
গত রোববার গোপালগঞ্জে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে দিনভর বিক্ষোভ, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের কার্যালয় ও বাড়িঘরে হামলা চালানো হয়। বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।





