১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ:

গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দাঙ্গা সামাল দিতে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন রাখা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর অধীনে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী, জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে তারা তাদের দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের সময় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় তারা কাজ করছেন।

মাঠপর্যায়ে নিয়োজিত বিজিবি সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যদের একটি বড় অংশের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ড্রোন প্রযুক্তি এবং ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহারের মাধ্যমে মাঠের পরিস্থিতি ও বিজিবির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে, যাতে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

নির্ধারিত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম ও চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদা প্রস্তুত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সরকার অর্পিত যেকোনো দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন