২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ:

শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এই অভিযানের মূল লক্ষ্য।

নির্ধারিত এলাকার মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর, আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পাশাপাশি গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় মোতায়েন রয়েছে ১৫ প্লাটুন বিজিবি। অন্যদিকে, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেখান থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্রগুলো বিশ্লেষণের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে সতর্ক অবস্থানে রয়েছেন। চলমান পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সব ধরনের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন