২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে পুলিশ সুপারের পর দুই থানার ওসি বদলি

প্রকাশ:

ফেনী জেলার পরশুরাম ও ছাগলনাইয়া মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। ছাগলনাইয়া থানার দায়িত্বে থাকা মো. আবু তাহেরকে পরশুরাম মডেল থানায় এবং পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ আশরাফুল ইসলামকে ছাগলনাইয়া থানায় বদলি করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এই রদবদলের তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফেনীর নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহর দায়িত্ব গ্রহণের পরপরই এই দুই কর্মকর্তা তাদের নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।

পুলিশের রেকর্ড অনুযায়ী, মোহাম্মদ আশরাফুল ইসলাম গত বছরের ৭ ডিসেম্বর থেকে পরশুরাম মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

অন্যদিকে, মো. আবু তাহের চলতি বছরের ২২ জুন ছাগলনাইয়া থানার ওসির দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা দুটি সীমান্তবর্তী হওয়ায় মাদক প্রতিরোধ, চোরাচালান নিয়ন্ত্রণ ও সার্বিক সীমান্ত নিরাপত্তা বজায় রাখাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে থানা পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের পর তারা কীভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ রয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের পর দুই কর্মকর্তা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কী ধরনের ভূমিকা রাখেন, সেদিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগে রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেনীর পুলিশ সুপার পদে রদবদলের আদেশ জারি করা হয়। নতুন আদেশ অনুযায়ী, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী থেকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন