১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের বাংলাদেশ স্কুলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রকাশ:

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা তুলে ধরার লক্ষ্যে কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ছিল ইতিহাসভিত্তিক আলোচনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সকালবেলা পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইন। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার্থীদের সামনে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পরে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

সকাল ১১টায় স্কুল মিলনায়তনে দ্বিতীয় পর্বের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা ও জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা উল্লেখ করেন, তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন ধারার সূচনা হয় এবং পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতির পথ সুগম হয়। জাতীয় সংহতি ও দেশপ্রেমের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরণের উদযাপনের গুরুত্ব অপরিসীম বলে তারা মতামত দেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় পরিবেশিত দুটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি ও অধ্যক্ষ। পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করে। এছাড়া সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দাতা সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, গভর্নিং বডির সদস্য এ কে এম আমিনুল হক ও মো. মাহমুদুল হাসান, অভিভাবক-শিক্ষক সংগঠনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম মোরাদ, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদ ও মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপাধ্যক্ষ মুহাম্মদ রাশেদ চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবু শামা এবং শিক্ষার্থী আফিয়া আনজুম ও রেজোয়ান বক্তব্য রাখেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়।

শেয়ার করুন