পশ্চাৎমুখী দলের সঙ্গে জোট করায় এনসিপি’র সমালোচনা করলেন রুহুল কবির রিজভী

প্রকাশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি পশ্চাৎমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করেছে, যা রাজনৈতিক দর্শনের বিচারে সঠিক সিদ্ধান্ত নয়। রোববার ২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই রক্তাক্ত: স্বরণ ও প্রত্যায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা রাজনীতি করছেন তাদের চিন্তা-ভাবনা হওয়া উচিত প্রগতিশীল ও অগ্রগামী। দেশকে নতুন কিছু দেওয়ার প্রত্যয় থেকেই তরুণ প্রজন্মের রাজনীতিতে আসা উচিত।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন গুলি চালিয়ে এবং রক্তগঙ্গা বইয়ে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব, কিন্তু তিনি দেশের মানুষের সাহস ও বীরত্বের ইতিহাসকে মূল্যায়ন করতে পারেননি। ক্ষমতা ধরে রাখতে হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিজের দেশের মানুষের রক্তের ওপর দিয়ে হাঁটতেও তার দ্বিধা ছিল না। তিনি জুলাই বিপ্লবকে ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন।

প্রশাসনে দলীয় নিয়োগ নিয়ে রিজভী বলেন, সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত এবং যুক্তরাষ্ট্রের ‘স্পয়েলস সিস্টেম’-এর উদাহরণ টেনে তিনি বলেন, এটি বেআইনি নয়। তবে তিনি দাবি করেন যে ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দলীয়করণের ঘটনা ঘটবে। রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তিনি বলেন, আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ও খুনি বললেও কখনো অশালীন ভাষা ব্যবহার করিনি। বর্তমানে তরুণ নেতাদের বক্তব্যে যে অশালীন ভাষা দেখা যাচ্ছে, তা গণতন্ত্র কিংবা উন্নত সংস্কৃতির সহায়ক নয়।

আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন নাসির শিবিরের তীব্র সমালোচনা করে বলেন, গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ও শহীদুল্লাহ হলে ছাত্রশিবিরের শীর্ষ নেতাদের অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, গত দুই বছর ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবির নারীদের হেনস্তা ও সাইবার বুলিং করে আসছে। অথচ এখন তারা নারী সুরক্ষার নামে টিএসসিতে ‘ফিমেল কর্নার’ চালু করেছে, যার কোনো প্রয়োজন ছিল না। নাসির উদ্দিন নাসির এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর অশালীন মন্তব্যেরও নিন্দা জানান এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের আচরণের সমালোচনা করে তাকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করেন।

উক্ত আলোচনা সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন