র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন এসআরবি গঠনের উদ্যোগ

প্রকাশ:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর পরিবর্তে পুলিশ বাহিনীর অধীনে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন' (এসআরবি) নামক একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হবে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬'-এর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন এই খসড়া আইনে বিদ্যমান র‍্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় এসআরবি প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। একইসঙ্গে এই নতুন ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট আইনগত কাঠামো তৈরি করা হবে। নতুন এই আইনের আওতায় নাগরিকদের বিভিন্ন অভিযোগ এবং এসআরবি সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধানও যুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত আইন অনুযায়ী, র‍্যাবের বর্তমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব এবং রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র‍্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালাগুলো প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে বহাল থাকবে। আইনটি কার্যকর হওয়ার পর র‍্যাবের বর্তমান কাঠামো বিলুপ্ত হয়ে তার জনবল ও সম্পদ নতুন এসআরবি কাঠামোর অধীনে স্থানান্তরিত হওয়ার সুযোগ তৈরি হবে।

শেয়ার করুন