জাতিসঙ্ঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

জাতিসঙ্ঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) অধিবেশনে অংশগ্রহণের উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই দশকেরও বেশি সময়ের বিরতির পর এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। সরকারপ্রধান হিসেবে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে এটিই তার প্রথম অংশগ্রহণ এবং ভাষণ দেয়ার কর্মসূচি।

সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর এই সফরটি আট থেকে ১০ দিনের হতে পারে। সফরসূচি অনুযায়ী, তিনি নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের অধিবেশন শেষ করে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তিনি দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বর্তমানে এই সফরসূচি চূড়ান্ত করার কাজ করছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে। জাতিসঙ্ঘের অধিবেশনে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী অন্য কোনো দেশে সফর করবেন না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবারের অধিবেশনটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রায় ৪০ বছর পর একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব তৈরি করেছে।

উল্লেখ্য, ২০০৬ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এবারের সফরকে স্মরণীয় করে তুলতে নিউ ইয়র্কে বড় পরিসরে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা এ বিষয়ে ভার্চুয়াল প্রস্তুতি সভা করেছেন এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে দলীয় নেতাকর্মীরা নিউ ইয়র্কে জড়ো হওয়ার পরিকল্পনা করছেন।

সরকার গঠনের পর গত জুনে মালয়েশিয়া ও চীন সফর করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সফরে জনশক্তি রপ্তানি ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপর বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ এলেও জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে আর কোনো বিদেশ সফরে না যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

শেয়ার করুন