পল্লবীমা জালিয়াতির মামলায় ফের গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ

প্রকাশ:

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়েছেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের আলোচিত চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। সোমবার (২০ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ জানান, মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের কর্মকর্তারা ইসিবি চত্বর এলাকায় সাহেদকে প্রথমে আটক করেন। বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে এলে উভয় পক্ষকে ইসিবি ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পল্লবী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে হেফাজতে নেওয়া হয় এবং দুপুর ১টার দিকে পল্লবী থানা পুলিশের একটি দল তাকে নিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লবী থানার একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাহেদকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার সনদ প্রদান এবং প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ২০২০ সালে দেশজুড়ে আলোচনায় আসেন মোহাম্মদ সাহেদ। ওই বছরের ৬ জুলাই র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করা হয়। এরপর ১৫ জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পরই তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।

শেয়ার করুন