১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশ:

যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পারা এবং এই সময়ের মধ্যে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাচ্ছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবে পৌঁছানোর পর কর্মীদের প্রবেশের প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। সোমবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অভিবাসন ব্যয় হ্রাস ও এজেন্সিদের প্রতি নির্দেশনা

অনুষ্ঠানে মন্ত্রী রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে বলেন, সরকার ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো সমন্বিতভাবে কাজ করলে জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। তিনি বলেন, যেখানে সরকার নির্ধারিত খরচ তিন লাখ টাকা, সেখানে একজন কর্মীর কাছ থেকে সাত থেকে আট লাখ টাকা নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিবাসনের খরচ পরিশোধ করতেই যেন কর্মীদের জীবনের মূল্যবান সময় চলে না যায়, সে বিষয়েও তিনি এজেন্সিগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান। রিক্রুটিং এজেন্সিগুলোকে বৈধ উপায়ে ব্যবসা পরিচালনার পাশাপাশি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।

প্রযুক্তিগত আধুনিকায়ন ও বিএমইটি

প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, বিদেশগামী কর্মীদের প্রক্রিয়া সহজ করা এবং ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ের লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ইমেইল সেবা চালু এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কাজ চলমান রয়েছে। তিনি গন্তব্য দেশের আইন ও বিধিবিধান মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন।

দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও সৌদি আরবের অবস্থান

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে দেশটির নিজস্ব নাগরিকদের পর সবচেয়ে বেশি সংখ্যায় বসবাস করেন বাংলাদেশি কর্মীরা। তিনি দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে শ্রম খাতে সহযোগিতাকে আরও জোরদার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রমজানে ক্ষমার আহ্বান ও সমস্যা সমাধান

প্রতিমন্ত্রী মো. নুরুল হক সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আগামী রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়ে সৌদি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান যেকোনো দ্বিপক্ষীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা জানান। সভার সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ সময় বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি ও দাবিসমূহ

  • তাকামুল পরীক্ষা প্রক্রিয়া আরও সহজ করার দাবি জানানো হয়।
  • পরীক্ষার ফি কমানোর প্রস্তাব তুলে ধরেন এজেন্সি প্রতিনিধিরা।
  • বিএমইটির জনশক্তি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের আহ্বান জানানো হয়।
  • রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি উত্থাপন করা হয়।
শেয়ার করুন