মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক হুমকি এবং তীব্র বাকযুদ্ধের প্রেক্ষাপটে উভয় পক্ষকে যুদ্ধের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বর্তমানে মিশরে অবস্থানরত গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, পরিস্থিতির বর্তমান উত্তাপ থেকে বেরিয়ে আসতে উভয় পক্ষকেই এখন সর্বোচ্চ সংযম ও কূটনৈতিক আলোচনার পথে হাঁটতে হবে। মিশর সফরের সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জাতিসংঘ প্রধান বলেন, আমি একটি স্পষ্ট ও জোরালো বার্তা দিতে চাই- এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ সংযম ও কূটনৈতিক সমাধান প্রয়োজন। মিশর সফরকালে গুতেরেস ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে কায়রোর কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতার প্রশংসাও করেন।
পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সতর্ক করেন যে, এই সামরিক হুমকির মহড়া যদি পূর্ণাঙ্গ সংঘাত বা বড় কোনো সামরিক উত্তেজনায় রূপ নেয়, তবে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হাতছাড়া হয়ে যেতে পারে। একই সঙ্গে গুতেরেস আন্তর্জাতিক আইন অনুযায়ী বাব আল-মানদেব ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও নৌপথে চলাচলের অধিকার পুরোপুরি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।





