১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশ:

জাপানের প্রখ্যাত ব্যবসাপ্রতিষ্ঠান মারুবেনির চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ২৬ অক্টোবর জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিধি বাড়ানো, দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠককালে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে জাপানি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে তিনি মারুবেনির চেয়ারম্যানকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এসব খাতে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বড় ধরনের প্রকল্প বাস্তবায়নের চমৎকার সুযোগ রয়েছে। এছাড়া দেশের সারশিল্পের উন্নয়নে জাপানের সহযোগিতা কামনা করেন তিনি।

বিনিয়োগকারীদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। জাপানি বিনিয়োগকারীরা যেন বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নতুন শিল্প ও বাণিজ্যিক উদ্যোগ গ্রহণে উৎসাহিত হন, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।

মাসুমি কাকিনোকির নেতৃত্ব ও অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে গত ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনির সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেই বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার উৎপাদন ও জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির আলোচনা হয়েছিল।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত সংবাদসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন