সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিসান আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এনায়েতপুর স্পার বাঁধের দক্ষিণ পাশ থেকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা তার মরদেহটি খুঁজে পান। নিহত জিসান গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠানের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া এলাকায় এবং তিনি আকবার আলীর একমাত্র সন্তান। বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিসান আহমেদ (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, গত রবিবার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুরের গোলামের হোটেলে খাবার খাওয়ার উদ্দেশ্যে আসেন।
খাওয়ার পর তারা যমুনা নদীতে গোসলে নামলে জিসান পানিতে তলিয়ে যান।
তাকে উদ্ধারে স্থানীয় জেলে ও সঙ্গীরা তাৎক্ষণিক তৎপরতা চালালেও সফল হতে পারেননি। এরপর খবর পেয়ে এনায়েতপুর থানা-পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে নামেন, তবে দিনভর চেষ্টা চালিয়েও তার সন্ধান মেলেনি। নিখোঁজের প্রায় ১৯ ঘণ্টা পর সোমবার সকালে ডুবুরি দল অভিযানে নেমে মরদেহ উদ্ধার করে। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।





