১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি টোকিও রওনা হন। ঢাকা ছাড়ার সময় তাঁকে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। এ সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এবং স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে গিয়েছেন তারেক রহমান। আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধি, জাপানি বিনিয়োগ আকর্ষণ ও পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

শেয়ার করুন