মোঃ হায়দার আলী, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম চিড়িয়াখানায় প্লাস্টিকের বিনিময়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। এবার তাদের কাছ থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সমঝোতা স্মারকে জেলা প্রশাসনের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী। সমঝোতা অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানা নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবে। অন্যদিকে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পুনর্ব্যবহারের ব্যবস্থা করবে। পাশাপাশি চিড়িয়াখানায় বর্জ্য ফেলার পাত্র ও সুরক্ষাসামগ্রী সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের মাধ্যমে চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি পুনর্ব্যবহার বাড়ানো এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে জেলা প্রশাসন, ইপসা ও চট্টগ্রাম চিড়িয়াখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





