শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেলেন মমতা

প্রকাশ:

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৪। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তবে আদালতের নির্দেশ অনুযায়ী, কোনো মিছিল করা যাবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই কর্মসূচির জন্য সময়সীমা ও বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছেন।

আগামী শুক্রবার শ্রীরামপুরের মাহেশে কর্মসূচির পরিকল্পনা করেছিল কালীঘাট তৃণমূল। সাবেক মুখ্যমন্ত্রী মমতার ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে প্রথমে সেখানে মিছিল ও শেষে সভা করার পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশি অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়।

বৃহস্পতিবার হাইকোর্ট শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দিয়েছে। তবে একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো মিছিল করতে পারবে না। জিটি রোড অত্যন্ত সরু রাস্তা হওয়ার বিকল্প হিসেবে একটি নির্দিষ্ট জায়গায় সভা করা বেশি গ্রহণযোগ্য বলে মনে করে আদালত ৷

বিচারপতি ভট্টাচার্য তার আদেশে মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করার অনুমতি দিয়েছেন। কর্মসূচির সময়সীমা নির্ধারণ করা হয়েছে শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সভায় দুই হাজারের বেশি মানুষ জমায়েত করা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এছাড়া সভা থেকে কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে আদালত সতর্ক করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন নিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন