পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। হেস্টিংস থানায় দায়ের করা এই এফআইআরে আদালতের নির্দেশ অমান্য, পুলিশের কাজে বাধা দান এবং আদালতের নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় ধরে কর্মসূচি চালিয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধেও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
গত শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছিল। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে, অনুষ্ঠানের সময় রাস্তার উত্তরমুখী লেন খোলা রাখতে হবে। তবে অভিযোগ উঠেছে, বাস্তবে রাস্তার উভয় দিকের লেনই বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া অনুষ্ঠানস্থলে পুলিশের সঙ্গে আয়োজকদের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ওই সভা দুপুর ৩টা পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু অভিযোগ রয়েছে, নির্ধারিত সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কর্মসূচি অব্যাহত রাখা হয়। এই ঘটনার প্রেক্ষিতেই কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।





