সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্টেট ক্যান্সার হাড় ছাড়িয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ‘নিউজনাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তিনি জানান, রোগটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এর ফলে বাইডেন শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়ছেন।
গত বছরের মে মাসে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস পর জো বাইডেনের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। সেই সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন যে, ক্যান্সারটি তার হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই রেডিয়েশন ও হরমোন থেরাপির মাধ্যমে তার চিকিৎসা চলছে। তবে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছে বলে হান্টার বাইডেন উল্লেখ করেছেন।
বাবার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হান্টার বাইডেন বলেন, তাকে এভাবে শারীরিকভাবে দুর্বল হতে দেখা অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন জো বাইডেন। ২০২৪ সালের নির্বাচনে ৮১ বছর বয়সে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিলেও, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। দলের অভ্যন্তরীণ চাপের কারণে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।





