১০ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আক্রমণের পসরা সাজিয়েও জয় পেল না আর্সেনাল

প্রকাশ:

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ম্যাচে আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষের গোলমুখে মোট ৩০টি শট নেয় মিকেল আরতেতার শিষ্যরা, তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। ২০০৩-০৪ মৌসুম থেকে পাওয়া চ্যাম্পিয়নস লিগের তথ্য অনুযায়ী, কোনো এক ম্যাচে এটিই আর্সেনালের সর্বোচ্চ শট নেওয়ার রেকর্ড। এমন আধিপত্য সত্ত্বেও মাত্র চারটি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের নবম মিনিটে ভিক্টর গিওকেরেসের দূরপাল্লার দুর্দান্ত এক শটে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। প্রথমার্ধে আধিপত্য ধরে রাখলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় স্বাগতিকরা। মার্টিন ওডেগার্ডের পাস থেকে পাওয়া সহজ গোল করার সুযোগও হাতছাড়া করেন গিওকেরেস। দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ড ঘুরে দাঁড়ায় এবং ৫৫ মিনিটে জোয়ানে গাদুর দৌড় থেকে পাওয়া বল নিখুঁত নিচু শটে জালে জড়িয়ে সমতা ফেরান ম্যাক্সিমিলিয়ান বেয়ার। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।

ম্যাচের শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। তবে গিওকেরেসের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার পাশাপাশি জুরিয়েন টিম্বার এবং ৮৪ মিনিটে ডেকলান রাইসের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশায় ডুবতে হয় গানারদের। জয়ের লক্ষ্যে বারংবার আক্রমণ করেও গোল না পাওয়ায় পয়েন্ট তালিকায় দুই ধাপ নিচে নেমে পঞ্চম স্থানে অবস্থান করছে আর্সেনাল।

শেয়ার করুন