বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাইয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশটির ১৯টি কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৭০ জন পুরুষ কর্মী নেওয়া হবে। গত ২২ নভেম্বর সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিয়োগের তথ্য জানানো হয়।
আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টা পর্যন্ত সরকারি ওয়েবসাইট https://www.oep.gov.bd/job-circulars-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে এই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার সময় প্রার্থীদের ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ নির্ধারিত ফি পরিশোধ করতে হবে, যা অফেরতযোগ্য।
নিয়োগের তালিকায় থাকা বিভিন্ন পদের মধ্যে রয়েছে নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে।
চুক্তি অনুযায়ী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, যা পরে নবায়নযোগ্য। কর্মক্ষেত্রে দৈনিক আট ঘণ্টা ডিউটি ছাড়াও ওভারটাইম, চিকিৎসা ও বিমাসহ অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী নিশ্চিত করা হবে। বিমান ভাড়া এবং আবাসনের ব্যয় সংশ্লিষ্ট কোম্পানি বহন করবে, তবে খাবারের খরচ কর্মীকে নিজের করতে হবে। অধিকাংশ পদের দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার হলেও ড্রাইভার ও যানবাহন মেকানিক পদের মাসিক বেতন ৬৫০ ডলার নির্ধারিত হয়েছে। প্রতিদিন আট ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্ত নির্বাচনের পর দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার ‘বোয়েসেল, ঢাকা’ নামে সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে সংগ্রহ করে জমা দিতে হবে। এছাড়া মেডিক্যাল পরীক্ষা ও ভিসা ফি বাবদ খরচ প্রার্থীকে বহন করতে হবে। ইংরেজি বা মালয় ভাষায় দক্ষদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতারণা এড়াতে বিশেষ সতর্কতা জারি করেছে বোয়েসেল। সংস্থাটি জানিয়েছে, প্রার্থীদের তালিকা ও ইন্টারভিউ সংক্রান্ত তথ্য শুধু বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইট (boesl.gov.bd) ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এছাড়া বোয়েসেলের পোর্টাল বা নির্ধারিত নম্বর (01552146456) থেকে এসএমএস পাঠানো হবে।
বোয়েসেলের কোনো সাব-এজেন্ট বা শাখা নেই এবং তারা সরাসরি কোনো নগদ অর্থ গ্রহণ করে না। তাই কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৭৬৫-৪১১৬৫৩ অথবা হেল্পলাইন ০৯৬১৮৮৮৪২৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।





