বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল এবং সরাসরি ৪ হাজার উপপরিদর্শক (এসআই) পদে নতুন জনবল নিয়োগের সব প্রশাসনিক জটিলতা নিরসন হয়েছে। মোট ১৪ হাজার পদে এ নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হওয়ায় এখন যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে পারবে পুলিশ প্রশাসন। পুলিশ বাহিনীতে যোগদানের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি এক বড় সুযোগ তৈরি করল।
প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর–আল–নাসীফ জানান, পুলিশে বড় এই নিয়োগের সব ধরনের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে। ফলে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে এখন আর কোনো বাধা নেই এবং বাংলাদেশ পুলিশ সুবিধাজনক সময়ে পরবর্তী পদক্ষেপ নিতে পারবে।
এবারে প্রথমবারের মতো পুরো ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগ দিতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। আগে এই পদে অর্ধেক নিয়োগ হতো পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিতে একটি বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনাও করছে সরকার। আগে এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগ হতো।
অন্যদিকে কনস্টেবল নিয়োগের সার্বিক অগ্রগতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, সারা দেশ থেকে মোট ১ লাখ ২ হাজার ৬৯৪ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছেন। তিনি বলেন, বর্তমানে পুলিশে ২ হাজার কনস্টেবল পদ শূন্য রয়েছে। এর সঙ্গে নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্যে থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে চলতি নিয়োগ প্রক্রিয়াতেই মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর অনুমোদিত বাকি ৬ হাজার পদে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপে ধাপে নিয়োগ দেওয়া হবে।
গত ৯ অক্টোবর সারা দেশে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ না করেই কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যার আবেদন শেষ হয় ৩০ অক্টোবর। এবার পদসংখ্যা বেড়ে ৬ হাজারে উন্নীত হওয়ায় আবেদনকারীদের প্রতিযোগিতার চাপ অনেকটাই কমবে। গত বছরের এপ্রিলে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে ১ লাখ ২৬ হাজার প্রার্থী আবেদন করায় প্রতি পদের জন্য গড়ে ৪৭ জন লড়েছিলেন। তবে এবার পদ বাড়ায় প্রতি পদের জন্য লড়াই করবেন গড়ে মাত্র ১৭ জন প্রার্থী।
পুলিশ বাহিনীর নিয়ম অনুযায়ী, কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়। কনস্টেবল পদের জন্য প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা, লিখিত এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার ধাপ পার হতে হয়। অন্যদিকে, এসআই পদের ক্ষেত্রে প্রথমে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর দৌড়সহ শারীরিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হয়। পরবর্তীতে লিখিত ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং সবশেষে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। উভয় পদে মেধা ও যোগ্যতার পাশাপাশি পুলিশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রার্থীর পটভূমি যাচাই করা হবে। বাছাইয়ের কোনো পর্যায়ে ভুল বা ভুয়া তথ্য দিলে তাৎক্ষণিকভাবে প্রার্থিতা বাতিল হিসেবে গণ্য হবে। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এক বছর পেরিয়ে পিএসসি যা বলছে। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।
মাঠপর্যায়ে পুলিশের কাজ পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় এসআই ও কনস্টেবল পদ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন এসআই সরাসরি থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি অপরাধের তদন্ত চালান। পাশাপাশি অপরাধ দমন, তথ্য সংগ্রহ, আসামি গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাঁরা মুখ্য ভূমিকা রাখেন।
জাতীয় বেতন স্কেল অনুযায়ী, এসআই পদটি ১০ম গ্রেডের অন্তর্ভুক্ত। এ পদে প্রারম্ভিক মূল বেতন ৩২ হাজার টাকা, যা সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হতে পারে। অপরদিকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ১৭তম গ্রেডের অন্তর্ভুক্ত। প্রশিক্ষণ শেষে চাকরি স্থায়ী হলে প্রারম্ভিক মূল বেতন হয় ৯ হাজার টাকা, যা সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বাড়ে। মূল বেতনের পাশাপাশি উভয় পদের কর্মকর্তা-কর্মচারীরা বিনামূল্যে পোশাক, স্বল্পমূল্যে পরিবারসহ রেশন, ঝুঁকি ভাতা, যাতায়াত ও চিকিৎসা ভাতাসহ সরকারি নানা সুবিধা পান। প্রশিক্ষণের সময়েও নির্ধারিত ভাতা ও বাসস্থানের সুযোগ রয়েছে। মেধা ও সততার ভিত্তিতে উভয় পদেই পরবর্তীতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে এলাকাভেদে বাড়িভাড়া ভাতা, চিকিৎসার ভাতা, ঝুঁকি ভাতা, উৎসব ভাতা, টিফিন ও যাতায়াত ভাতা। এ ছাড়া সরকারি খরচে বিনা মূল্যে পোশাক, নিজ ও পরিবারের জন্য স্বল্প মূল্যে রেশনের সুবিধা এবং উন্নত চিকিৎসাসেবা দেওয়া হয়।





