তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ নিয়ে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব দিলেও, শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা মজুরির দাবিতে এখনো অনড় অবস্থানে রয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের বিরতিতে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান। কিন্তু শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে এবং এ সিদ্ধান্তে তারা এখনো অনড় রয়েছেন।
বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন গ্রেডের সর্বশেষ প্রস্তাবিত মজুরির চিত্র তুলে ধরা হয়েছে। প্রথম গ্রেডে শ্রমিকদের পক্ষ থেকে ৩৫ হাজার টাকা এবং মালিকপক্ষের পক্ষ থেকে ১৮ হাজার ৮২৮ টাকা প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে শ্রমিকরা ৩০ হাজার টাকা দাবি জানালেও মালিকরা ১৭ হাজার ৮৮৭ টাকা প্রস্তাব দিয়েছেন। তৃতীয় গ্রেডে শ্রমিকদের দাবি ২৭ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৬ হাজার ৯৯৬ টাকা। এছাড়া চতুর্থ গ্রেডে (ন্যূনতম মজুরি) শ্রমিকপক্ষের প্রস্তাব ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা।
সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, এগুলো সর্বশেষ প্রস্তাব হলেও চূড়ান্ত নয়। উভয় পক্ষই তাদের নিজস্ব অবস্থান ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেছে, যে কারণে আলোচনা এখনো চলমান। মালিকপক্ষ তাদের নানা সমস্যার কথা বলে মজুরি আর বাড়াতে চাচ্ছে না, অন্যদিকে শ্রমিকপক্ষ বর্তমান প্রস্তাবে কোনোভাবেই সন্তুষ্ট নয়।
মজুরি বোর্ডের চেয়ারম্যান আরও জানান, গতকাল সোমবার রাত সোয়া ৯টা পর্যন্ত আলোচনা চলেছিল। আজও বৈঠক রাত ৯টা পর্যন্ত গড়িয়ে যেতে পারে। তবে আজকের মধ্যেই আলোচনা সম্পন্ন করে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। একটি সমঝোতায় পৌঁছাতে পারলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।





