৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান

প্রকাশ:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার এ বিষয়ে ১৫ বছর মেয়াদি একটি ইজারা বা কনসেশন চুক্তি স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সাম্প্রতিক বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ প্রস্তাব অনুমোদিত হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এ অনুমোদনের কথা জানায়। তবে মন্ত্রণালয় সূত্র জানায়, টার্মিনাল যারা নির্মাণ করেছে, পরিচালনাও করবে তারাই। অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বৈঠকে জানানো হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩–এর নির্মাণ–পরবর্তী পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানিজ কোম্পানি আগ্রহ ব্যক্ত করে আর্থিক প্রস্তাব দাখিল করেছে।

চুক্তির শর্ত অনুযায়ী, ১৫ বছর মেয়াদে জাপানি প্রতিষ্ঠানটি বাংলাদেশকে এককালীন প্রায় ৮১ লাখ ডলার বা ১০০ কোটি টাকা অগ্রিম প্রদান করবে। এছাড়া যাত্রী পরিবহন থেকে অর্জিত রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার বাংলাদেশ পাবে। কার্গো পরিবহনের ক্ষেত্রেও বাংলাদেশ প্রতি টনে মোট আয়ের ২৭ শতাংশ অথবা ১১ দশমিক ৫ ডলার রাজস্ব হিসেবে গ্রহণ করবে। আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থাগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ক্ষেত্রে ৫০ শতাংশ কাজ বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্পাদন করবে। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপিত তথ্যে জাপানি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। কাজ পায় জাপানের বিমানবন্দর পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, প্রকৌশল ও বিনিয়োগ খাতের চার প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম।

নতুন এই টার্মিনাল ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের এমবারকেশন ফি বা মাশুল ১২ দশমিক ৫০ ডলার অর্থাৎ ১ হাজার ৫৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান ৫০০ টাকার তুলনায় বেশি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, টার্মিনালটি পুরোপুরি চালু করতে আরও ১৪ মাস সময় লাগবে। তবে আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয় এবং ২০১৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়। টার্মিনালটি নির্মাণের দায়িত্বে থাকা জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশনের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামই মূলত পরিচালনার দায়িত্ব পাচ্ছে। ২২ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে মোট ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এটি চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি টাকা, মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ৩০ জুন। তৃতীয় টার্মিনাল ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত, যার ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার।

এই টার্মিনালে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি বহির্গমন ও ৫৯টি আগমন ডেস্কসহ আধুনিক সব সুবিধা রাখা হয়েছে। এছাড়া প্রকল্পটি মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শাহজালাল বিমানবন্দর দিয়ে মোট ৮৫ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছেন, যার মধ্যে ৭৩ লাখ ৪০ হাজার আন্তর্জাতিক এবং ১১ লাখ ৮০ হাজার অভ্যন্তরীণ যাত্রী ছিলেন। বেবিচক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি–জুনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৮৫ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করেছেন।

২০২৩ সালের ১৯ জানুয়ারি ২১০ কোটি মার্কিন ডলারের এই প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন পায়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ জাপানিজ সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) প্রস্তাব যাচাই-বাছাই ও দর-কষাকষির প্রক্রিয়া সম্পন্ন করেছে। এর মধ্য দিয়ে টার্মিনালটি ভবিষ্যতে আন্তর্জাতিক বিমান পরিবহনের একটি অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে বলে সরকারিভাবে আশা করা হচ্ছে।

শেয়ার করুন