সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গোপসাগরের কোলে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই ভূখণ্ডে এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর।
সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং মহড়া স্থল ঘুরে দেখবেন। এছাড়া সশস্ত্র বাহিনীর তিন শাখার কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। মহড়া পরিদর্শন শেষে বিকেল নাগাদ হেলিকপ্টারেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এদিন স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন। এই বিশেষ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত বাহিনী সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে। আধুনিক সামরিক সক্ষমতা প্রদর্শনে এই মহড়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





