সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন ও তার সহযোগীদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও বিধিমালা ২০০৭ অনুযায়ী এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি আদালতের নির্দেশে দুদকে এসেছে। গত ৯ আগস্ট ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ ভুক্তভোগী মামলা করেন। আদালত অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকে পাঠায়। পরে কমিশন ২৭ সেপ্টেম্বর এই অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেয় সহকারী পরিচালক বিষাণ যোষকে। তদন্তের স্বার্থে ব্যাংক হিসাব অবরুদ্ধ বা সম্পত্তি ক্রোকের মতো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে জানানোর নির্দেশনাও রয়েছে। পরে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে কমিশন।
এদিকে মাসরুর আরেফিনের বিদেশযাত্রা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি দেশ ছাড়ছেন এমন গুঞ্জনের মধ্যে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানান, অফিসিয়াল কাজে ২২ নভেম্বর কায়রো গিয়েছেন এমডি। আগামী ৩০ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। ব্যাংকের ভাষ্যমতে, এই সফরের জন্য অনুমতি নেওয়া হয়েছে এবং বিষয়টি সম্পর্কে দুদককে জানানো হয়েছে।
তবে দুদক সূত্র বলছে, আগামী রোববারের আগেই তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আসতে পারে, যদিও দুদকের পক্ষ থেকে এটি এখনো নিশ্চিত করা হয়নি। ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন সম্প্রতি আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন। এখন দুদকের অনুসন্ধান প্রতিবেদন এবং আইনি প্রক্রিয়ার দিকে সবার নজর রয়েছে।





