৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শুরু হলো ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা

প্রকাশ:

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার সকালে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এবারের মেলার মূল প্রতিপাদ্য হলো ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াতের পাশাপাশি এসএমই খাতের উন্নয়ন ও ফাউন্ডেশনের প্রেক্ষাপট নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে তুলে ধরা হয় যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠিত হয়েছিল। সেই টাস্কফোর্সের সুপারিশমালার ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতি কৌশল প্রণীত হয় এবং এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করার লক্ষ্য নিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত জরুরি। তিনি আরও যোগ করেন, উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ ও বিকাশে এই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, এবারের মেলায় সারা দেশের ৪৫০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৮০ জন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্যের বাজারজাতকরণ সহজ করার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি অনন্য সুযোগ পাবেন।

শেয়ার করুন