ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি সামরিক বাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। শনিবার উপত্যকাটিতে ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে তিনটি প্রাণহানি ঘটেছে বাস্তুচ্যুত মানুষদের খাদ্য সহায়তা নিয়ে যাওয়া একটি গাড়িতে চালানো ড্রোন হামলায়। গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় এই ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁবুতে বসবাসরত অসহায় পরিবার এবং বাস্তুচ্যুত মানুষদের মাঝে খাবার ও পানীয় বিতরণের উদ্দেশ্যে গাড়িটি যাচ্ছিল। শিশুদের খাবার দেওয়ার ঠিক আগমুহূর্তে ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে ঘটনাস্থলেই অন্তত তিনজন নিহত হন। শনিবার (২১ নভেম্বর) উপত্যকাটিতে ইসরাইলি হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গাড়িটিতে আঘাত করা হয়।
আবু জেইন আল-দায়া নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি আর্তমানবতার সেবায় নিয়োজিত ছিল। এদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী, হামলার শিকার গাড়িটির গায়ে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) লোগো ছিল। তবে সংস্থাটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ওই গাড়িটি তাদের বর্তমান ত্রাণ কার্যক্রমের অংশ ছিল না। অন্যদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের নিকটবর্তী হালাওয়া বাস্তুচ্যুত শিবিরে ইসরাইলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই মৃত্যুর পর তার মরদেহ গাজা সিটির আল-শিফা হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকাতেও ইসরাইলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। সেখানে একটি বৈদ্যুতিক সাইকেলে থাকা এক তরুণকে লক্ষ্য করে চালানো হামলায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গাজা সিটি থেকে আল-জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানিয়েছেন, কাগজে-কলমে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাধারণ ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনে কোনো শান্তির ছোঁয়া লাগেনি। বরং ইসরাইলি হামলা ও গুলিবর্ষণ নিত্যদিনের আতঙ্ক হিসেবে বজায় রয়েছে।
গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। সংঘাতের এই চরম পরিস্থিতির পাশাপাশি শীতের তীব্রতা, প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে বাস্তুচ্যুত মানুষের তাঁবুগুলো তলিয়ে যাচ্ছে। চরম খাদ্য সংকট, বিশুদ্ধ পানির অভাব এবং চিকিৎসার সুযোগ না থাকায় হাজার হাজার মানুষ নতুন করে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যে নতুন করে এই দুর্যোগে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।





