কানের সংক্রমণ শিশুদের ক্ষেত্রে একটি অত্যন্ত পরিচিত স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের মধ্যে সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি দেখা যায়। সাধারণত সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণের পরবর্তী জটিলতা হিসেবে শিশুদের কানে প্রদাহ বা কানপাকার সমস্যা শুরু হতে পারে।
শিশুদের কানের শারীরিক গঠন বড়দের চেয়ে আলাদা। কান ও গলার সংযোগকারী ইউস্টাচিয়ান টিউব শিশুদের ক্ষেত্রে ছোট, সরু ও অনেকটা সমান্তরাল থাকে। ফলে নাক বা গলার সংক্রমণ সহজেই কানে পৌঁছে তরল জমিয়ে ফেলে। এছাড়া শুয়ে বোতলে দুধ খাওয়ানো, সিগারেটের ধোঁয়া বা অস্বাস্থ্যকর পরিবেশ ও পারিবারিক ইতিহাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়। বারবার কানে হাত দেওয়া, কান টানা, খিটখিটে মেজাজ, রাতে অতিরিক্ত কান্না, জ্বর বা কান থেকে পুঁজ বের হওয়া এই সংক্রমণের সাধারণ লক্ষণ।
শিশুর ব্যথা উপশম করাই চিকিৎসার প্রথম ধাপ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার বয়স ও ওজন অনুযায়ী ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি কানে বাইরের দিক থেকে গরম সেঁক দিলে কিছুটা আরাম পাওয়া সম্ভব। এই সময় শিশুকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও তরল সরবরাহ করা অত্যন্ত জরুরি।
তবে পরিস্থিতি জটিল হলে দেরি করা উচিত নয়। তীব্র জ্বর থাকা, ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উপসর্গের উন্নতি না হওয়া, কান থেকে রক্ত বা পুঁজ বের হওয়া, শিশুর অস্বাভাবিক ঝিমুনি, খেতে অনাগ্রহ, কানের চারপাশ ফুলে যাওয়া, লালচে ভাব বা শ্রবণে ও ভারসাম্যে সমস্যা দেখা দিলে দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষ করে তিন মাসের কম বয়সী শিশুর জ্বর হলে কোনো ঝুঁকি না নিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে বলে পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা. মানিক মজুমদার।





