হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিল আইআরজিসি

প্রকাশ:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। রোববার ভোরে সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আইআরজিসি জানিয়েছে, বেশ কিছু জাহাজ সম্প্রতি অননুমোদিত রুট ব্যবহার করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা চালিয়েছে, যা বিদেশি শক্তির অযাচিত হস্তক্ষেপ হিসেবে গণ্য হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইআরজিসির নৌবাহিনী একটি জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছে। এ ঘটনার পর সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের আঞ্চলিক হস্তক্ষেপ বন্ধ না হবে, ততদিন প্রণালিটি বন্ধ থাকবে বলে জানানো হয়। সংস্থাটি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো জাহাজ বা নৌযানকে এই পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

এদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের পূর্ব উপকূলের কাছে একটি কনটেইনারবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইআরজিসির গুলি ছোড়ার ঘটনার সাথে এই ক্ষতিগ্রস্ত জাহাজটির কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সত্ত্বেও দুই পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা ও যোগাযোগের ক্ষেত্রে সক্রিয় রয়েছে।

শেয়ার করুন