রাজধানী ঢাকার বর্তমান পরিস্থিতির বড় চ্যালেঞ্জ হিসেবে যানজট ও রাস্তায় হকারদের অব্যবস্থাপনাকে চিহ্নিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ করে ৫ আগস্ট ২০২৪-এর পরবর্তী সময়ে রিকশা ও হকারের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় শহরের সড়ক ব্যবস্থাপনা প্রায় অচল হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিএসসিসি প্রশাসক জানান, দায়িত্ব গ্রহণের পর তার প্রথম লক্ষ্য ছিল সিটি করপোরেশনকে একটি সক্রিয় ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করা। দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানটি অনেকটা অভিভাবকহীন ও অকার্যকর অবস্থায় ছিল, তাই জনগণের নাগরিক সেবা দ্রুত নিশ্চিত করতে তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
মৌলিক নাগরিক সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে মো. আব্দুস সালাম বলেন, মশার উপদ্রব, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এবং সড়কবাতির মতো সমস্যাগুলো নিরসনে কাজ চলছে। তবে তিনি এও স্পষ্ট করেছেন যে, কেবল সিটি করপোরেশনের একার প্রচেষ্টায় সব সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য নগরবাসীর অংশগ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
নাগরিকদের অভিযোগ জানানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এলাকাভিত্তিক গণশুনানি চালু করা হয়েছে। এছাড়া সিটি করপোরেশন কার্যালয়ে সরাসরি অভিযোগ জানানোর পাশাপাশি একটি বিশেষ অ্যাপও চালু করা হয়েছে। গণমাধ্যমে কোনো সমস্যা উঠে এলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হয় বলেও তিনি জানান। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী ঢাকাকে একটি 'গ্রিন সিটি ও ক্লিন সিটি' হিসেবে গড়ে তোলাই তার অন্যতম প্রধান কর্মপরিকল্পনা বলে তিনি উল্লেখ করেন।





