পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় এক সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে সাঁড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগের এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। নেতাকর্মীরা যখন মিছিল শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজন মুখোশ পরে এসে তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে আহতরা অভিযোগ করেছেন। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন ঈশ্বরদীর পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে মো. সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং একই উপজেলার শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।
হামলার পর গুলিবিদ্ধদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তী উন্নত চিকিৎসার জন্য সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। এই বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।





