যেকোনো যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশ:

নতুন কোনো হুমকি বা যুদ্ধের মুখোমুখি হতে ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবন আল-রেজা। রোববার দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, আগের যেকোনো সংঘাতের তুলনায় ইরানের বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা অনেক বেশি উন্নত ও শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তার সমালোচনা করে মাজিদ ইবন আল-রেজা বলেন, বারবার হুমকি দিয়ে ইরানকে ভয় দেখানো বা দেশটির অবস্থান পরিবর্তন করা সম্ভব—এমন ধারণা তাদের ‘গুরুতরভাবে ভুল’। তার মতে, এসব হুমকির বেশির ভাগই রাজনৈতিক বার্তা বা বক্তব্য, যার সঙ্গে প্রকৃত সামরিক সক্ষমতার প্রতিফলন সব সময় থাকে না। তিনি জোর দিয়ে বলেন, হুমকি দিয়ে ইরানের সঙ্গে কোনো বিষয় মোকাবিলা করা সম্ভব নয়।

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরান কখনো প্রতিবেশী বা আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না। তেহরান সব সময় বিচক্ষণতা ও সতর্কতার সঙ্গে বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য বজায় রেখে চলছে। নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে ইরান আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে প্রতিক্রিয়া জানাবে বলেও তিনি সতর্ক করেন।

মাজিদ ইবন আল-রেজা জানান, ইরান মাঝেমধ্যে যে সামরিক সক্ষমতা ও প্রযুক্তি প্রকাশ্যে প্রদর্শন করে, তা দেশটির প্রকৃত প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক শিল্পের সম্ভাবনার সামান্য অংশ মাত্র। তিনি জানান, এই খাতে উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। তিনি পুনরায় নিশ্চিত করেন যে, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় দেশটি সম্পূর্ণভাবে নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত, সামরিক সক্ষমতা এবং অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভর করে এবং যেকোনো হুমকি মোকাবিলায় তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে।

শেয়ার করুন