প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫২। হরমুজ প্রণালির কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। রোববার ১৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত এই হামলায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। কেশমের গভর্নর হোসেইন আমির তেমোরি এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
গভর্নর তেমোরি সরাসরি এই হামলার জন্য যুক্তরাষ্ট্রের সেনাদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা’ এই হামলা চালিয়েছে।
গত ফেব্রুয়ারি মাস থেকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান এই প্রণালিটি বন্ধ করে দেয়। এরপর থেকে উপসাগরীয় আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের কোনো জাহাজ এই পথে চলাচলের অনুমতি পাচ্ছে না। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করেছে, যার ফলে কোনো ইরানি জাহাজকে হরমুজ দিয়ে প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম জানিয়েছে, এই অবরোধ শুরুর পর থেকে ইরান-সংশ্লিষ্ট ১০০টিরও বেশি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, নৌ-অবরোধের বিষয়টি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করেন যে, মার্কিনিরা ইরানিদের ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত করছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান দ্ব্যর্থহীন ভাষায় বলেন, যুক্তরাষ্ট্র যত চাপই প্রয়োগ করুক না কেন, ইরান নতি স্বীকার করবে না এবং আত্মসমর্পণও করবে না।





