সোমবার ওমানের সঙ্গে হরমুজ নৌপথ নিয়ে চুক্তি করবে ইরান

প্রকাশ:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালিতে যৌথ নৌপথ চালুর বিষয়ে আগামীকাল সোমবার ওমানের রাজধানী মাসকাটে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির বিষয়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও অবহিত করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, সোমবার মাসকাটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ প্রতিষ্ঠার এই চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি আরও জানান, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশও এই বৈঠকে অংশগ্রহণ করবে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও সামরিক তৎপরতা নিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছে, তবে ইরান এতে দমে যাবে না। মার্কিন নৌ অবরোধ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ইরানের টিকে থাকা পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অবরোধ ও হামলা বন্ধ হলেই ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গত শুক্রবার জানান, সোমবার ওমান আটটি উপসাগরীয় দেশকে নিয়ে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করছে। সেখানে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ নৌপথ নির্ধারণে ইরান ও ওমানের আলোচনার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

শেয়ার করুন