ভোলার চরফ্যাশন উপজেলার পূর্ব ওমরাবাজ মোহাম্মাদিয়া আলিম মাদরাসায় ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবং স্থানীয় ওলামা দল নেতার মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে।
মাদরাসা কর্তৃপক্ষের দাবি, স্থানীয় ওলামা দল নেতা শাহাদাত হোসেন লোকমানকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনয়ন না দেয়ায় তিনি অধ্যক্ষের ওপর হামলা চালান। এর প্রতিক্রিয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শাহাদাত হোসেন লোকমানের ওপর পাল্টা হামলা করলে তিনিও আহত হন। অধ্যক্ষ মাওলানা ফারুক জানান, শাহাদাত হোসেন লোকমান—যিনি সাবেক ওলামা লীগ নেতা এবং বর্তমানে জাহানপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি—সকালে মাদরাসায় এসে কমিটি গঠনের বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার ওপর চড়াও হন।
ঘটনার পর শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। উভয় পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, ওলামা দলের পক্ষ থেকে এবং উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে পৃথক দুটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।





