র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী গঠন করা হলেও বাহিনীর সদস্যদের বিরুদ্ধে চলমান বিচারাধীন মামলাগুলোর কার্যক্রম বন্ধ হবে না। বুধবার (২০ আগস্ট) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, নতুন বাহিনী গঠনের জন্য যে আইন প্রণয়ন করা হচ্ছে, তাতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে র্যাবের আওতায় থাকা বিচারাধীন মামলাগুলোর বিচার কার্যক্রম আগের আইন অনুযায়ীই চলমান থাকবে। ফলে র্যাব বিলুপ্ত হলেই মামলাগুলো শেষ হয়ে যাবে—এমনটি ভাবার কোনো কারণ নেই।
ইন্তেখাব চৌধুরী আরও বলেন, নতুন আইনের খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যেখানে মানুষ তাদের মতামত দিতে পারছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। প্রস্তাবিত নতুন আইনে কাঠামোগত বড় পরিবর্তন আনা হয়েছে, যেখানে বাহিনীর পরিচালনা, চেইন অব কমান্ড এবং দায়বদ্ধতা সুনির্দিষ্ট করা হয়েছে। কোনো সদস্য দুর্নীতি বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত হলে তাকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আইনের আওতায় আনার ব্যবস্থাও নতুন আইনে রাখা হয়েছে।
র্যাবের বিরুদ্ধে অতীতের বিভিন্ন অভিযোগ ও বিচারাধীন মামলার বিষয়ে তিনি বলেন, এসব বিষয়ে মামলা হয়েছে এবং তদন্তও হয়েছে। বর্তমানে সেগুলো আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। র্যাব এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব তথ্য দিয়ে সহযোগিতা করছে। তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই আন্দোলনের পর তৎকালীন র্যাব মহাপরিচালক বাহিনীর পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী বাহিনী কাজ করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে এনডিসির সমাপনী অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো: ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ ও ঐকমত্য গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনডিসির অনুষদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





