ধামরাইয়ে হেলিকপ্টারে চড়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে, তদন্তের আশ্বাস

প্রকাশ:

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের আয়োজন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মোশারফ হোসেনের বাড়িতে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। স্থানীয়দের দাবি, বর হেলিকপ্টারে করে এসে ওই ছাত্রীকে বিয়ে করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কনে মেঘলা আক্তার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে সংরক্ষিত জন্মনিবন্ধনের তথ্য অনুযায়ী তার জন্ম ২৪ জানুয়ারি ২০১৩ সালে, অর্থাৎ বর্তমানে তার বয়স ১৩ বছর।

হেলিকপ্টারে করে বরের আসার খবর পেয়ে ধামরাই উপজেলা প্রশাসন বাল্যবিয়ে ঠেকাতে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় কনের বয়স প্রমাণের জন্য পরিবারের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ইস্যু করা একটি জন্মনিবন্ধন দেখানো হয়। ওই নথিতে মেঘলা আক্তারের জন্মতারিখ ২৪ আগস্ট ২০০৮ উল্লেখ রয়েছে এবং নথিটি ২৫ জুন ২০২৬ তারিখে ইস্যু করা হয়েছে বলে দেখা যায়। বিদ্যালয়ের নথির সঙ্গে এই নতুন জন্মনিবন্ধনের তথ্যে প্রায় পাঁচ বছরের ব্যবধান রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের কাছে কনের বয়স প্রাপ্তবয়স্ক হিসেবে প্রমাণ করতেই এই ভিন্ন জন্মনিবন্ধন ব্যবহার করা হয়েছে। যদিও কনের বাবা মোশারফ হোসেন দাবি করেছেন, তার মেয়ের বয়স ১৮ বছরের বেশি।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন জানান, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আগেই বর-কনে হেলিকপ্টারে করে শরীয়তপুরের উদ্দেশে চলে গেছেন। তিনি আরও বলেন, “আমি শুনেছি মেয়ের পরিবার ভুয়া জন্মনিবন্ধন দেখিয়ে বাল্যবিবাহ দিয়েছে। জন্মনিবন্ধনের বিষয়ে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন