কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য নেই

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ জন বন্দির মধ্যে এখনো ৬৯০ জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। মঙ্গলবার দুপুরে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ১ হাজার ৫৫৭ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি ৬৯০ জনকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।

নরসিংদী কারাগার থেকে পালানো ৮২৬ জন বন্দির বিষয়ে বিশেষ তথ্য দিয়ে তিনি জানান, তাদের মধ্যে ১৬৬ জনের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। কারাগারে বন্দিদের কোনো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, কারাগারে কাউকেই কোনো বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। বর্তমানে দেশে ৭৫টি কারাগার রয়েছে, যার মধ্যে ২১টি সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রতিটি কারাগারে বন্দিদের খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

কারাগারে মাদক প্রবেশ এবং এ কাজে কারারক্ষীদের সহযোগিতার অভিযোগের বিষয়ে সৈয়দ মোতাহার হোসেন বলেন, মাদক ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কারা অধিদপ্তর ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত দুই বছরে মাদক ও আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২১ জনকে বাধ্যতামূলক অবসর এবং ৮২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া ৮৭০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং ছোটখাটো অপরাধের কারণে প্রশাসনিক ব্যবস্থায় ৩০৩ জনকে বিভিন্ন বিভাগ থেকে অন্যত্র বদলি করা হয়েছে। তিনি আরও জানান, কোনো কারারক্ষী মাদকসংক্রান্ত অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হচ্ছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

শেয়ার করুন